চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৫৬ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪৯ জেলেকে নৌ পুলিশ এবং ৭ জেলেকে আটক করেছে সদর উপজেলা টাস্কফোর্স।
আটক ২৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, জরিমানা এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। বাকীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি জানিয়েছেন চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অভিযানে ২৪ লাখ মিটার কারেন্টজাল, ৩৮২ কেজি ইলিশে এবং ২১টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে পাঁচটি এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় চারটি।
তিনি আরো বলেন, জব্দকৃত ইলিশ স্থানীয় একটি এতিম খানায় দেয়া হয়েছে এবং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, চাঁদপুর সদর এলাকায় মেঘনা নদীতে উপজেলা টাস্কফোর্সের অভিযানে আটক ৭ জেলের মধ্যে ৩ জনকে একমাস করে কারাদণ্ড, চারজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।










