বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, সরকার দায়িত্ব নেয়ার আগে খাদ্য পরিস্থিতি নিয়ে কিছু অনিশ্চয়তা ছিল। তবে এখন দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে।
আজ শনিবার (১০ মে) দুপুরে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ভবনে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুগতি চাকমা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলী ইমাম মজুমদার বলেন, দেশের মানুষের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এসেছে। এখন অনেকেই সকালে ভাতের পরিবর্তে আটার রুটি খাচ্ছেন। দেশে প্রতি বছর প্রায় ৭০ লাখ মেট্রিক টন গম প্রয়োজন হলেও উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন গম আমদানি করতে হয়। তবে ধানের উৎপাদন পরিস্থিতি ভালো। উত্তরাঞ্চল, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের কিছু এলাকায় ধানের ফলন সন্তোষজনক হয়েছে।
তিনি বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খাদ্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আশা করছি, সামনে কোনো খাদ্য সংকট হবে না।
বৈঠক শেষে উপদেষ্টা কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় অবস্থিত কাপ্তাই খাদ্য গুদাম পরিদর্শন করেন। এ সময় গুদামের অবস্থা ও খাদ্য সংরক্ষণ ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি।










