ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়ক ও মেদুয়ারী বাজারে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভালুকা উপজেলার বান্দিয়া গ্রামের মোফাজ্জল হোসেন খান (৭৮) এবং টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার নলুয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে রুবেল (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রাইভেটকার যোগে সিলেট থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন রুবেল মিয়া। ভালুকা উপজেলার বিরুনিয়া মোড় এলাকায় পৌঁছলে (ঢাকা মেট্রো গ-৩৪-৩৪৯৩) প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক রুবেলসহ দুজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক রুবেলকে মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা চালক রুবেলের ভাগিনা সাজিম (১৬) গুরুতর আহত হন। তাকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে শুক্রবার দিবাগত ৯টার দিকে মেদুয়ারি বান্দিয়া বাজারে ভরাডোবা-ঘাটাইল আঞ্চলিক সড়কে বান্দিয়া গ্রামের মোফাজ্জল হোসেন খান নামাজ পড়ে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুত গতির মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা চিকিৎসার জন্য ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুহাম্মদ আলমগীর কবীর
ময়মনসিংহ।















