রংপুর নগরীর হাজীরহাট থানার রংপুর-সৈয়দপুর মহাসড়কে ওভারটেক করার সময় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে আখতারুজ্জামান (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখতারুজ্জামান নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম পশ্চিম গণিরাম এলাকার বাসিন্দা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিবুল ইসলাম জানান, রাতে রংপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন আখতারুজ্জামান। হাজীরহাট এলাকায় রংপুর-সৈয়দপুর মহাসড়কে তিনি একটি ট্রাককে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

ওসি রাজিবুল ইসলাম বলেন, ওভারটেক করতে গিয়েই আখতারুজ্জামান প্রাণ হারিয়েছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।