কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পান করা আরো দুজনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। আজ সোমবার (২৪ এপ্রিল) দুপুরে হৃদয় হোসেন, (২১) ও সবুজ হোসেন (২৩) নামে দুজনের মৃত্যু হয়। এর আগে ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৩ জনের।  এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো ৫ জন। এদের মধ্যে তিনজন এখনও অচেতন।

সকালে যারা মারা গেছেন তারা হলেন—শাহিনুর রশিদ (৪৭), রতন সেখ (২১) ও সিফাতুল আলম। তাদের মধ্যে সিফাতুল কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্য থেকে রোববার ভোররাতে শাহিন, রতন ও সিফাতুল নামের তিনজনের মৃত্যু হয়। এসময় একই হাসপাতালে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন আরো ১০ জন। 

কুষ্টিয়া জেনারেল হাসপfতালের আরএমও ডা. তাপস কুমার সরকার জানান, তারা মূলত স্পিরিট পান করেছিলেন। যা ছিল রেক্টিফাইড। সেখান থেকেই বিষক্রিয়া ঘটে।

এদিকে এই মৃত্যুর পর পুলিশি তদন্তে উঠে এসেছে যে ওই অ্যালকোহলের উৎস ছিল কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ সুইপার কলোনি। কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, মৃতরা সুইপার কলোনিতে বসে অথবা অন্য কোথাও অ্যালকোহল পান করেছিলেন।

পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, তারা সবাই ওই কলোনির নিয়মিত খরিদ্দার ছিলেন। সেখানে গিয়ে মদ পান করতেন।