পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ রেলস্টেশন অবরোধ করেছে এলাকাবাসী। এ সময় তারা ট্রেনটি ৫ মিনিট আটকে রাখে। গতকাল বেলা ১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বোচাগঞ্জ, কাহারোল, বিরল ও আংশিকভাবে পীরগঞ্জের মানুষ অংশ নেয়।
আন্দোলনকারীরা বলেন, সেতাবগঞ্জ একটি শিল্প এলাকা। এখানে জেলার একমাত্র চিনিকলসহ অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়া পাশের কয়েকটি উপজেলার মানুষও সেতাবগঞ্জ রেলস্টেশনের ওপর নির্ভরশীল। ব্যবসা-বাণিজ্যের প্রসার ও নিরাপদ যোগাযোগের স্বার্থে সেতাবগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বিরতি অত্যন্ত জরুরি।
অবরোধ শেষে আন্দোলনকারীরা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।
মানববন্ধনে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মো. নওশাদ আলী, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মুহাম্মাদ রেদওয়ানুল কারীম রাবিদ, পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির সভাপতি মাইনুল ইসলাম বুলু, সাধারণ সম্পাদক এমওয়ালী ফ্লাড, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী এমএ তাফসীর হাসান প্রমুখ।
এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান বলেন, ‘আমি স্মারকলিপি হাতে পেয়েছি। রেল উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠিয়ে দেব। এটা বোচাগঞ্জের মানুষের দীর্ঘ দিনের দাবি। পঞ্চগড় এক্সপ্রেস সেতাবগঞ্জ স্টেশনে বিরতি পেলে সেটি ইতিবাচক দিক হবে।’










