জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দুটি স্থানকে সংযুক্ত করতে বিআরটিসির বাস সার্ভিস চালু হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি গতকাল ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হয়ে এ বাস সার্ভিস উদ্বোধন করেন। এ বাস সার্ভিস জাতির পিতার জন্মস্থান টুঙ্গিপাড়া এবং স্বাধীনতার স্মৃতিবিজড়িত মুজিবনগরে চলাচল করবে।

উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, গোপালগঞ্জের টুঙ্গীপাড়া এবং মেহেরপুরের মুজিবনগর এ দুটি স্থান ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়া এবং দেশের প্রথম রাজধানী মুজিবনগরে গিয়ে দেশের ইতিহাসকে আরো নিবিড়ভাবে জানতে অনেকেরই আগ্রহ রয়েছে। কিন্তু অনেক সময় যাতায়াতের অসুবিধার কারণে অনেকের যাওয়া হয়ে ওঠে না। এই সার্ভিস চালুর ফলে সেই অসুবিধা অনেকটাই দূর হবে। শীতাতপ নিয়ন্ত্রিত এই বাস মুজিবনগর ও টুঙ্গিপাড়া থেকে প্রতিদিন সকাল ৬টায় ছাড়বে।

১৭-২২ মার্চ ও ২৮-৩১ মার্চ এই ১০ দিনের জন্য ২০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। পরে এ ভাড়া যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে নির্ধারণ করা হবে।

বিআরটিসি জানিয়েছে, প্রতিদিন সকাল ৬টায় মুজিবনগর থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজার পর্যন্ত একটি বাস ছেড়ে যাবে। বাসটি মুজিবনগর থেকে মেহেরপুর জেলা শহর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া, ফরিদপুর, ভাঙ্গা, গোপালগঞ্জ, টুঙ্গীপাড়া হয়েছে জাতির পিতার মাজার পর্যন্ত যাবে। একইভাবে প্রতিদিন সকাল ৬টায় টুঙ্গিপাড়া থেকে একই রুট দিয়ে মুজিবনগরের উদ্দেশে একটি বাস ছেড়ে যাবে।