মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের কৃষক এনামুল হক নইলো হত্যা মামলায় কৃষক লীগের সভাপতিসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল্লাহ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। 

দণ্ডিতরা হলেন ধলা গ্রামের ছইফতুল্লাহর ছেলে গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি আতিয়ার রহমান, মহব্বত আলীর ছেলে ছামিদুল ইসলাম, রহমতুল্লাহর ছেলে শাহার আলী, শাহার আলীর ছেলে টিপু সুলতান, গোলাম হোসেনের ছেলে আব্দুল খালেক, আহম্মদ আলীর ছেলে আক্তারুজ্জামান, জার্মান ওরফে দফের আলীর ছেলে মান্নান ওরফে মানা ও আজিত বক্সের ছেলে জিল্লুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ জুলাই সন্ধ্যায় ধলা গ্রামের আক্কাস আলীর ছেলে এনামুল হক নইলোকে পূর্বশত্রুতার জেরে স্থানীয় নওপাড়া নবীনপুর ঈদগাহ ময়দানের পাশে হত্যা করেন গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি আতিয়ারসহ নয়জন। এ ঘটনায় নিহতের ভাই আজমাইন হোসেন টুটুল বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন।