মাদারীপুর জেলা পরিষদের নির্মাণ করা দেয়াল ভেঙে বাস কাউন্টার নির্মাণের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা ফয়সাল শিকদারের বিরুদ্ধে। কালকিনি থানার পশ্চিম পাশে নির্মাণ করা দেয়াল ভেঙে পরিষদের জমিতেই ইতালি এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের কাউন্টার নির্মাণ করা হয়েছে। যদিও জেলা পরিষদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই দেয়াল ভেঙে ঘর নির্মাণ করা হয়েছে বলে দাবি করেছেন ফয়সাল শিকদার।
তবে জেলা পরিষদ কর্তৃপক্ষ বলছে, আলোচনা না করেই নিজ উদ্যোগে তিনি দেয়াল ভেঙে কাউন্টার নির্মাণ করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি থানার পশ্চিম দিকে জেলা পরিষদের একটি মাঠ রয়েছে। মাঠের চারদিকে সীমানাপ্রাচীর দেয়া আছে। সম্প্রতি সেই দেয়াল ভেঙে বাস কাউন্টার নির্মাণ করা হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য ফয়সাল শিকদার কাউন্টারটি নির্মাণ করেন।
তবে এ বিষয়ে ছাত্রদল নেতা ফয়সাল শিকদার বলেন, ‘জেলা পরিষদের সার্ভেয়ার সিরাজুলসহ ওই দপ্তরের অনেকের সঙ্গে কথা বলেই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে।’
যদিও জেলা পরিষদের সার্ভেয়ার সিরাজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। স্থাপনা নির্মাণের অনুমতি দেয়ার ক্ষমতা আমার নেই।’
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, ‘শিগগরিই ওখানে সার্ভেয়ার পাঠাব। এরপর ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবেই আমরা জেলা পরিষদের জমি দখল করে বাস কাউন্টার নির্মাণ করে ব্যবসা পরিচালনা করতে দেব না।’
এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আকতার হোসেন শাহিন বলেন, ‘জেলা পরিষদের দেয়াল ভেঙে সরকারি জায়গা যারা দখল করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।’










