নেত্রকোনার পৃর্বধলার গোয়ালকান্দা ইউনিয়নের ভবেরবাজারে অগ্নিকাণ্ডে একটি চালকল, দুটি বসতঘর ও ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে হাদিস মিয়ার চালকল, আব্দুল বারেকের বাসা ও দোকান, লিটনের মনিহারি দোকান, আরিফ মিয়ার বাসা ও দোকান, কামরুলের কাপড়ের দোকান, জালাল ও মোসলেম উদ্দিনের মনিহারি দোকান, আব্দুল মজিদের চা দোকান, ওয়াজেদ আলীর হাঁস-মুরগির খাবারের দোকান ও দুলাল মিয়ার মনিহারি দোকান পুড়ে যায়।

স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে চালকল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুন নেভাতে গিয়ে চারজন আহত হন।

স্থানীয় গোহালাকান্দা ইউপি চেয়ারম্যান ফকির সায়েদ আল-মামুন বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক ও সংসদ সদস্য মহোদয়কে বিষয়টি জানানো হয়েছে।