প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সালেহ শিবলী। সচিব পদমর্যাদায় গতকাল তার চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি হয়েছেন আতিকুর রহমান রুমন। তাকে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময়ও সালেহ শিবলী তার প্রেস সচিব ছিলেন। চারদলীয় জোট সরকারের সময়ে দায়িত্ব পালন করেছেন কলকাতা উপ-হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে। তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন সালেহ শিবলী। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পদেও ছিলেন।
অন্যদিকে আতিকুর রহমান রুমন দৈনিক দিনকালে কর্মরত রয়েছেন। প্রত্রিকাটির সম্পাদক ও প্রকাশক তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর সে দায়িত্ব পান রুমন। এখন তাকেও দিনকালের দায়িত্ব ছাড়তে হবে।










