নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ার বস্তি এলাকায় র্যাবের ওপর হামলা মামলার প্রধান আসামী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বজলু রহমানকে তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর আজ শনিবার বিকেলে কারাগারে পাঠিয়েছেন আদালত। আগামীকাল রোববার তার রিমান্ড শুনানি হবে।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে চনপাড়া এলাকা থেকে বজলুর রহমানকে গ্রেফতার করেন র্যাব-১’র সদস্যরা। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, একটি আগ্নেয়াস্ত্র ও জাল জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। আজ র্যাব সদস্যরা বজলুর রহমানকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েম জানান, বজলুরের বিরুদ্ধে তিনটি ঘটনায় আলাদা মামলা দায়ের হয়েছে। প্রত্যেকটি মামলায় জিজ্ঞাবাসাদের জন্য সাতদিন করে রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আদালতের নির্ধারিত সময়ের পর আাদালতে পাঠানোর কারণে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। আগামীকাল তার রিমান্ড আবেদনের শুনানি হবে।
র্যাব-১’র অধিনায়ক কর্নেল আব্দুল্লাহ আল মোমেন জানান, গত ২৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রূপগঞ্জের চনপাড়া বস্তিতে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় বজলু মেম্বারের নেতৃত্বে মসজিদের মাইকে মাইকিং করে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে র্যাবের কয়েকজন সদস্য আহত হন।










