মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, কয়েক দিন ধরে মৌলভীবাজারে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে অবস্থান করছে। চলতি বছরের শীত মৌসুমে শ্রীমঙ্গলে তাপমাত্রা ওঠানামা করছে। বৃহস্পতিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা রেকর্ড কমে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। এটি চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জনজীবনে পড়েছে শীতের তীব্রতা।
এদিকে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চা শ্রমিকসহ শ্রমজীবীদের দুর্ভোগ বেড়েছে। পর্যটকরাও পড়েছেন বিপাকে। সকালে ও রাতে কনকনে শীত অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য ওঠায় শীতের তীব্রতা খানিকটা হ্রাস পায়। হাওরাঞ্চল ও চা বাগানের মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে। শীতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত ৩৫ হাজার কম্বল এসেছে। সেগুলো বিতরণ করা হচ্ছে। আরো চাহিদা পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, ‘পাহাড়ি এলাকা হওয়ায় এখানে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। শীতজনিত কষ্ট ও দুর্দশা লাঘবে যে কম্বল বরাদ্দ এসেছে, সেগুলো বিতরণ করা হচ্ছে।’










