পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিখোঁজের ১৬ ঘণ্টা পর গতকাল সকাল ১০টায় তাদের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ ও ডুবুরি দল।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) ও তার স্ত্রী মৌ আক্তার (১৯)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে সুজানগর উপজেলার সাতবারিয়ায় কাঞ্চন পার্কে পদ্মা নদীতে বেড়াতে যান বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ। একপর্যায়ে ২০-২৫ জন শ্যালোইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। সেই নৌকায় ওই দম্পতিও ওঠেন। নদীর মাঝখানে গেলে স্রোতে হঠাৎ করে ডুবে যায় নৌকাটি। স্থানীয়দের সহায়তায় সবাই নদী পার হতে পারলেও ওই দম্পতি নিখোঁজ হন।
সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে শুক্রবার তাদের সন্ধান মেলেনি। গতকাল সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হয়। সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।










