ঠাকুরগাঁও সুগার মিলে আখ সরবরাহকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় সুরেশ চন্দ্র রায় (৫৫) নামে এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাত ১১টায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ থেকে ডিজেলচালিত পাওয়ার ট্রলিতে ঠাকুরগাঁও সুগার মিলে আখ নিয়ে আসেন চালক সুরেশ চন্দ্র রায়। এ সময় আখ সরবরাহকে কেন্দ্র করে সুরেশের সঙ্গে আরেক ট্রলিচালক আব্দুর রহিমের বাকিবতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রহিম ও তার ছেলে সোহাগ মিলে সুরেশকে আখ দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা সুরেশকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাতেই সুরেশ চন্দ্রের মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম জানায়, সুরেশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তে রিপোর্টের ভিত্তিতে বিষয়টি আরো পরিষ্কার হওয়া যাবে।

নিহত সুরেশ চন্দ্র রায় (৫৫) দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট গ্রামের সবিন্দ্র নাথ রায়ের ছেলে।

আটককৃতরা হলেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুর রহিম (৫৫) ও তার ছেলে সোহাগ আলী (১৯)।

এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সুগারমিল কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি না হলেও তাদের দাবি, সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল। সুরেশ চন্দ্রের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে।