বিদেশী পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে দেশীয় প্রতিষ্ঠানগুলো অর্জিত অর্থের ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রা হিসাবেই ধরে রাখতে পারবে। তবে বাকি ৮৫ শতাংশ টাকায় রূপান্তর করতে হবে। এ সুযোগের আওতায় আসবে আন্তর্জাতিক কার্ডসহ গ্রহণযোগ্য পেমেন্ট মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা দেশের হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মল, খুচরা বিক্রেতা ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। গতকাল বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। 

বৈদেশিক মুদ্রা অর্জনে উৎসাহ দেয়া এবং আন্তর্জাতিক কার্ড ও অন্যান্য গ্রহণযোগ্য পেমেন্টের মাধ্যমে পণ্য ও সেবা বিক্রির প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো অর্জিত বৈদেশিক মুদ্রার ১৫ শতাংশ নিজেদের বৈদেশিক মুদ্রা হিসেবে রাখতে পারবে। অবশিষ্ট অর্থ টাকায় নগদায়ন বা রূপান্তর করতে হবে। এ সুবিধা কার্যকর করতে তফসিলি ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আন্তর্জাতিক কার্ড ও অন্যান্য গ্রহণযোগ্য পেমেন্ট মাধ্যমে বৈদেশিক মুদ্রা গ্রহণের উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যারহাউজ বা শুল্কমুক্ত দোকানের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা হিসাব খোলার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে এ সুবিধা অন্যান্য মার্চেন্ট বা ব্যবসায়িক প্রতিষ্ঠানেও সম্প্রসারিত হলো।