বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রিয়াজ হোসেন (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
রোববার (৩ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। তিনি জানান, মৃত রিয়াজ হোসেন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরগুনা হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন, বরিশাল মেডিক্যালে ৯ জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৩ জন, পটুয়াখালীতে ১৯ জন, ভোলায় ২ জন এবং পিরোজপুরে ১০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এই পরিস্থিতি থেকে বের হতে হলে মশার বিস্তার রোধ করতে হবে। একই সঙ্গে বাড়ির আশপাশ পরিষ্কার রাখাসহ মশার কামড় থেকে বাঁচতে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তিনি।










