শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তত্ত্বাবধায়ক ইস্যু হলো মৃত, সেই মৃত ইস্যু নিয়ে রাস্তায় নামতে চেষ্টা করছে বিএনপি। একটি রাজনৈতিক দলের জন্য এটি কতটা সঠিক কাজ এটাও তাদের ভেবে দেখতে হবে। কারণ তত্ত্বাবধায়ক সরকারটা এখন মৃত এবং বহু বছর ধরে মৃত। তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত ও নষ্ট করে পচিয়ে ফেলেছে বিএনপি।

গতকাল দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যখন তারা তাদের আজ্ঞাবহ তত্ত্বাবধায়ক সরকার তৈরি করতে গেছে বিচারপতিদের বয়সসীমা বাড়িয়েছে, তখন পুরো ব্যবস্থাকেই ধ্বংস করেছে। এরপর তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালত এবং জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। বিএনপির এখন আর কোনো ইস্যু নেই।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।