দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়েসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিতা গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বিরামপুর পৌর এলাকার ধানগড়া গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী কহিনুর বেগম (২৭) এবং ২ মাস বয়সী মেয়ে রিশাদ কাইফ। এঘটনায় গোলাম রব্বানী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে বিরামপুর থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী। বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে এসে পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন কহিনুর বেগম ও রিশাদ কাইফ। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাদের পিষ্ট করলে ঘটনাস্থলেই ঘটনাস্থালেই মারা যান তারা। পরে স্থানীয়রা গোলাম রব্বানীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।










