নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। গতকাল সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনে পরিপ্রেক্ষিতে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান।

তিনি বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা রিকশাচালক তুহিন হত্যা মামলা ও হকার দুলাল হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে সিদ্ধিরগঞ্জের মিনারুল ইসলাম হত্যা মামলায় ৯ মে আইভীকে দেওভোগের বাসা থেকে গ্রেফতার করা হয়। ওইদিন আদালতের মাধ্যমে তাকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। গতকাল শ্যোন অ্যারেস্ট দেখানোর আগে কারা কর্তৃপক্ষের সহায়তায় ভার্চুয়ালি আদালতে হাজির হন সেলিনা হায়াৎ আইভী।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ‘রাষ্ট্রপক্ষ সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে। কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেয়ার সময় তিনি দৃঢ় ছিলেন।’