নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক রেফ্রিজারেটর (ফ্রিজ) মেকানিকসহ দুইজন নিহত হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে ওই গ্রামের জাকির আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রেফ্রিজারেটর মেকানিক মো. আরমান হোসেন (২৮) ও সহকারী মো. ফয়েজ (১৫)। নিহত আরমান একই উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। আর ফয়েজ জিরতলী ইউনিয়নের বিজয়নগর গ্রামের গুলজার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে রেফ্রিজারেটর মেকানিক আরমান তার সহকারী ফয়েজকে নিয়ে লাউতলী গ্রামে জাকির আমিনের বাড়ির আলাউদ্দিনের বসতঘরে রেফ্রিজারেটর মেরামত করতে যান। মেরামতের এক পর্যায়ে তারা রেফ্রিজারেটরের কমপ্রেসারে গ্যাস দিতে গিয়ে তাদের সঙ্গে নেওয়া গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে আরমান মারা যান। আর গুরুতর আহত ফয়েজকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের ঘটনায় বসতঘরটির তিনটি দরজা, আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় এবং ঘরের জানালার থাই গ্লাস ভেঙে গেছে। তবে গৃহকর্তা কিংবা পরিবারের অন্যান্য সদস্যরা ঘরের বাইরে থাকায় তাদের কোনো ক্ষতি হয়নি।
খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ছাড়া বিকেলে নিহতদের স্বজনেরা খবর পেয়ে মরদেহ বুঝে নিতে ওই বাড়িতে যান।
জানতে চাইলে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-উর-রশিদ চৌধুরী। তিনি বণিক বার্তাকে বলেন, একটি রেফ্রিজারেটরের কমপ্রেসারে গ্যাস দিতে গিয়ে সঙ্গে নেওয়া সিলিন্ডারের বিস্ফোরণে ওই দুর্ঘটনা ঘটে।
ওসি হারুন-উর-রশিদ চৌধুরী জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে আরমান রেফ্রিজারেটর মেকানিক ছিলেন। আর ফয়েজ ছিলেন তার সহকারী।
বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওসি।










