টানা তিনদিনের ছুটিতে রাঙ্গামাটিতে পর্যটকের ভিড় বেড়েছে। খালি নেই সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রের কোনো রিসোর্ট ও কটেজের কক্ষ। এক সপ্তাহ আগে থেকেই রিসোর্ট-কটেজের শতভাগ কক্ষ ২৭ ডিসেম্বর পর্যন্ত বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি।

মালিক সমিতি বলছে, শীত মৌসুম শুরু হওয়ার পর থেকে সাজেকে পর্যটকের আগমন বেড়ে গেছে। ৬ ডিসেম্বর থেকে সাজেকে প্রচুর পরিমাণে পর্যটক আসছেন। সাজেকে বর্তমানে ১০০টির মতো রিসোর্ট-কটেজ রয়েছে। ২৭ ডিসেম্বর পর্যন্ত সব রিসোর্ট ও কটেজের কক্ষ শতভাগ বুকিং হয়ে গেছে। বর্তমানে রিসোর্ট-কটেজগুলোতে তিনদিন পর্যন্ত কোনো কক্ষ খালি নেই।

খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালির উদ্দেশে ছেড়ে আসা চাঁদের গাড়ির (জিপ) কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা বলেন, ‘বুধবার সকাল থেকে ২০০টির অধিক গাড়ি সাজেক পর্যটন কেন্দ্রে গেছে। এছাড়া ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৪০০টির মতো গাড়ি সাজেক যাওয়ার জন্য বুকিং রয়েছে।’

সাজেক জুমঘর ইকো রিসোর্টের ম্যানেজার নিবারয় ত্রিপুরা বলেন, ‘আমাদের রিসোর্টের সব কক্ষ বুকিং হয়ে গেছে। ডিসেম্বর পর্যন্ত বুকিং রয়েছে। যারা সাজেকে কক্ষ বুকিং ছাড়া আসবেন তারা বিপাকে পড়তে পারেন।’

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, সাজেকের সব রিসোর্ট-কটেজের কক্ষ শতভাগ বুকিং হয়েছে। সামনে পর্যটকের সংখ্যা আরো বাড়তে পারে। যারা বুকিং ছাড়া আসবেন তারা কক্ষ পাবেন না।