নড়াইলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পসহ বিভিন্ন খাতের বরাদ্দের দাবিতে গত ১৬ এপ্রিল গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা শাখার উদ্যোগে অবসর ভবন প্রাক-বাজেট সংলাপের আয়োজন করা হয়।

গণতান্ত্রিক বাজেট আন্দোলন নড়াইল জেলার সভাপতি খন্দকার শওকাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদিত্য কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বল্লারটোপ আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. সাইদুর রহমান,  দৈনিক ওশান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গুলশান আরা, অবসরপ্রাপ্ত কাস্টম ইন্সপেক্টর একেএম গোলাম মোর্তজা।

বিএম শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে ধারণাপত্র উপস্থাপন করেন কাজী জাভেদ খালিদ জয়। প্রাক-বাজেট এ সংলাপে উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হলো— নড়াইলে বিসিক শিল্প নগরী গড়ে তোলা ও পাটকল স্থাপন, মেডিকেল কলেজ গড়ে তোলা, প্রতিরক্ষা বাজেট কমিয়ে কৃষি ও শিক্ষা খাতে বাড়ানো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আলাদা বাজেট, ষাটোর্ধ নাগরিকদের জন্য রেশন কার্ড নিশ্চিত করার জন্য বাজেট বৃদ্ধি, নড়াইলে বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, শিক্ষিত বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান, বিভিন্ন সড়কের মেরামত, কৃষি উন্নয়নে কৃষকদের সঙ্গে বিস্তারিত আলোচনার ব্যবস্থা, কুটির শিল্প নগরী গড়ে তোলা, ভাটিয়াপাড়া নদীতে বাঁধ নির্মাণ দ্রুত শেষ করা, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, নড়াইল সদর হাসপাতালের উন্নয়ন, ফুলিয়া-পানতিতা  ব্রিজ নির্মাণ, বিএড ট্রেনিং সেন্টার স্থাপন, জেলা ও উপজেলা সদরে ড্রেনের ব্যবস্থা, বেসরকারি শিক্ষকদের প্রতি বৈষম্য হ্রাস, নড়াইলকে দারিদ্র্য ও মাদকমুক্ত করা।