বাজারে সিন্ডিকেটের প্রভাব মোকাবিলায় সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বিকল্প কৃষি বাজার চালুর উদ্যোগ নিচ্ছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড় এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীদের কারণে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এ সমস্যা দীর্ঘমেয়াদে সমাধানে আমরা সম্ভাব্য সব উপায় খুঁজে বের করছি। সরকারের টাস্কফোর্স বড় শহর থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত কাজ করছে।

তিনি আরো বলেন, উৎপাদক থেকে ভোক্তার কাছে পণ্য সরবরাহে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে আনতে হবে। যারা সামাজিক ব্যবসার মাধ্যমে এই প্রক্রিয়াটি সহজ করছে, তাদেরও সহযোগিতা করা হবে। এছাড়া বিকল্প কৃষি বাজার চালু করে সরাসরি কৃষকদের থেকে পণ্য সংগ্রহ করে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়া হবে।

উল্লেখ্য, আজ থেকে ঢাকার ৫০টি ও চট্টগ্রামের ২০টি স্থানে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হয়েছে। টিসিবির পণ্য সংগ্রহের জন্য ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি কার্ড ছাড়াও সাধারণ মানুষ পণ্য কিনতে পারবেন।

টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবার সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য পাচ্ছে। এখন থেকে সাধারণ ভোক্তারাও ভর্তুকি মূল্যে তেল, ডাল ও চাল কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নির্ধারিত পয়েন্টে ভোক্তারা লাইনে দাঁড়িয়ে ৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না এলে কার্যক্রমের সময়সীমা বাড়ানো হতে পারে।