ঠাকুরগাঁওয়ে একটি কোম্পানির প্রতিনিধির দেয়া ভুল ওষুধ প্রয়োগে দুই দিনে একটি খামারে তিন সহস্রাধিক মুরগি মারা গিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মমিনুল হকের খামারে এ ঘটনা ঘটেছে। গতকাল ১ হাজার ৪৮০টি এবং শনিবার ১ হাজার ৬০০টিসহ ওই খামারে মারা গিয়েছে তিন হাজারেরও বেশি মুরগি।
ক্ষতিগ্রস্ত খামারি মমিনুল ইসলাম অভিযোগ করে জানান, আমি দীর্ঘ ১০ বছর ধরে মুরগি খামারের এ ব্যবসা করে আসছি। কিন্তু এ ধরনের দুর্ঘটনা কখনো ঘটেনি। কয়েকদিন আগে এফএনএফ নামের একটি ওষুধ কোম্পানির ঠাকুরগাঁও প্রতিনিধি মাহাবুব আমাকে মুরগির ঠাণ্ডা ও সর্দির ওষুধ টিআমোভেট দিতে বলে। এ ওষুধ প্রয়োগে মুরগির কোনো ক্ষতি হলে কোম্পানি তা দেখবে। তার কথা মতো আমি ১৬ হাজার টাকার ওষুধ কিনে গত শুক্রবার খামারের চার হাজার সোনালি জাতের মুরগিকে খাইয়ে দিই। শনিবার থেকেই আমার মুরগিগুলো মরতে শুরু করে। চার হাজার মুরগির মধ্যে তিন হাজারের বেশি মুরগি মারা গিয়েছে। বুঝতে পারছি না এখন কী করব। এ ঘটনার পর ওই ওষুধ কোম্পানির প্রতিনিধিকে ফোন করলে তিনি আর ফোন ধরছেন না।
এফএনএফ ওষুধ কোম্পানির ঠাকুরগাঁও প্রতিনিধি মাহাবুবের সঙ্গে সেলফোনে কথা হলে তিনি বলেন, আমরা মমিনুলকে যে ওষুধ দিয়েছি তা তিনি হয়তো সঠিক মাত্রায় দেননি। আমার তো এখানে কোনো দোষ দেখছি না।
তবে মমিনুলের খামারে তাত্ক্ষণিক চিকিৎসা দিতে আসা ভেটেরিনারি চিকিৎসক ডা. আল মামুন জানান, টিআমোভেট নামের এন্টিবায়োটিক ওষুধ কোনোভাবেই সোনালি এ জাতের মুরগির জন্য নয়। এ ওষুধটি লেয়ার জাতের মুরগির জন্য। এখানেই আসলে ভুল করেছেন ওই কোম্পানির প্রতিনিধি।










