দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করার সিদ্ধান্ত শ্রমিক ইউনিয়ন নেতারা মেনে নিলেও, তা প্রত্যাখান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন চা শ্রমিকদের একাংশ। আজ শনিবার রাতে শ্রীমঙ্গল শহরে বিক্ষোভ করেন শ্রমিকরা। তাদের সঙ্গে সংহতি জানান চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা।
তিনি গণমাধ্যমকে বলেন, সাধারণ শ্রমিক আজকের বৈঠকের সিদ্ধান্ত মেনে নেয়নি। তারা ফুঁসে উঠেছে। আমি তাদের সমর্থন করছি। আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে আজ বিকাল ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের হল রুমে বৈঠকে বসেন মালিক পক্ষ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নেতারা। বৈঠকে চা শ্রমিকদের নতুন মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়। বৈঠকের পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল চলমান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. জাকারিয়া, চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরাসহ বিভিন্ন ভ্যালির সভাপতি-সাধারণসহ শ্রমিক নেতা ও সরকারি কর্মকর্তারা।










