মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে মুক্তিপণের দাবিতে আবির হোসেন (১২) নামে এক স্কুলছাত্রকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে গ্রামের মাঠ থেকে তাকে কৌশলে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আবির হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুল ইসলামের ছেলে। মায়ের সঙ্গে সে নানার বাড়িতে বসবাস করত। এ ঘটনায় মিনাপাড়া গ্রামের নুহু মেম্বারের ছেলে হামিম হোসেন ও মিরাজ হোসেনের ছেলে মুজাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, হামিম ও মুজাহিদের সঙ্গে মোটরসাইকেলযোগে গ্রামের মাঠে ঘুরতে যায় আবির হোসেন। দীর্ঘ সময় পর হামিম ও মুজাহিদ গ্রামের মানুষকে জানায় আবিরকে মাঠের মধ্যে অজ্ঞাতনামা একজন ধরে নিয়ে গেছে। পরে আবিরের মোবাইল ফোন থেকে তার মা ও পিতার মোবাইল নম্বরে কল করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘণ্টাখানেক পর আবিরের ফোনটি বন্ধ পাওয়া যায়। গাংনী থানা পুলিশের একটি টিম স্থানীয়দের সঙ্গে মাঠে তল্লাশি চালিয়ে আবিরের হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে।

গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। নেপথ্যে কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।