গোপালগঞ্জে সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে সরকারের নির্বাচনী অঙ্গীকারের ‘৫ বছরে ২৫ কোটি’ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপালগঞ্জ সড়ক বিভাগ চত্বরে চারাগাছ রোপণ করে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম, সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমও চারাগাছ রোপণ করেন।
গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম বলেন, নির্বাচনী ইশতাহারে সরকার ৫ বছরে ২৫ কেটি বৃক্ষরোপণের অঙ্গীকার করেছিল। এজন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে বৃক্ষরোপণের টার্গেট দেয়া হয়েছে। এর অংশ হিসেবে আমরা এ কর্মসূচি শুরু করেছি। গোপালগঞ্জ সড়ক জোন এ বছর ১৫ হাজার বৃক্ষরোপণ করবে। আগামী মে-জুনের মধ্যে আমরা বৃক্ষরোপণ করে ফেলব।










