রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) আমানত বাড়াতে শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টায় রাজশাহীর পবা উপজেলায় ব্র্যাক লার্নিং সেন্টারে রাকাবের রাজশাহী বিভাগীয় সম্মেলন-২০২৫ এ এই ঘোষণা দেন তিনি।
সম্মেলনে রাজশাহী বিভাগের ১৯৪টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, রাজশাহী বিভাগে অন্যান্য ব্যাংকের তুলনায় রাকাবের শাখা বেশি হলেও আমানত সংগ্রহের হার কম। তাই এখন থেকে আমানত বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি জানান, রাকাব এরই মধ্যে বনলতা ও প্রিজম নামে দুটি নতুন আমানত স্কিম চালু করেছে। এছাড়া দৈনিক ভিত্তিতে ৫ শতাংশ হারে মুনাফা হিসাব চালু করা হয়েছে, যা অন্যান্য ব্যাংকের চেয়ে বেশি।
তিনি আরো বলেন, রাকাবের শ্রেণীকৃত ঋণ এখনো অনেক বেশি। এই ঋণ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার লক্ষ্যে শাখা ব্যবস্থাপকদের আগের চেয়ে সক্রিয় হতে হবে।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। তিনি ব্যাংকের বিভিন্ন সূচকে উন্নতি হওয়ায় প্রশংসা করে বলেন, রাকাবকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সংরক্ষণ বাড়ানোর ওপর জোর দেন তিনি। ব্যাংকের ভেতরে কোনো ধরনের রাজনৈতিক বিভাজন কাম্য নয় বলেও জানান চেয়ারম্যান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন ও বিভাগীয় কার্যালয়ের মুখ্য কর্মকর্তা ইফফাত জাহান ইভা।
এ সময় রাকাবের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আবদুর রহমান, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আতিকুল ইসলামসহ রাজশাহী বিভাগের জোনাল ম্যানেজার, শাখা ব্যবস্থাপক ও মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সেরা জোনাল ব্যবস্থাপক, সেরা তিন শাখা ব্যবস্থাপক, নয়জন সেরা মাঠ কর্মকর্তা এবং শ্রেণীকৃত ঋণমুক্ত পাঁচটি শাখাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট দেয়া হয়।










