এক রাতেই পুড়ে শেষ হয়ে গেছে কৃষকের প্রায় ৫শ বিঘা জমির ফসল। ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ইটভাটার বিষাক্ত কালো ধোয়ায় ফসল পুড়ে গেছে বলে কৃষকদের অভিযোগ। এ ঘটনার পর থেকে পলাতক ইটভাটা কর্তৃপক্ষ। ক্ষতিপূরণের পাশাপাশি ইটভাটা উচ্ছেদের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

শনিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলেমাঠ গ্রামের মাঠে আবাদ হচ্ছে পটল, ড্রাগন, কচু। ধানের আবাদ করতে দেয়া হয়েছে শত শত বীজতলা। শুক্রবারও সব ঠিক ছিল। তবে শনিবার সকালে কৃষক মাঠে এলে দেখতে পান সব ফসল পুড়ে গেছে। মাঠের প্রায় আড়াই কিলোমিটার জুড়ে ফসলের ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হওয়ায় পথে বসতে চলেছেন স্থানীয় অন্তত ২০০ জন কৃষক। তাদের অভিযোগ, স্টোন ব্রিক্স নামের ওই ইটভাটা কোনো নিয়ম-নীতি না মেনে দিনের পর দিন কালো ধোঁয়া ছাড়ছিল। প্রশাসনের সামনে এসব চললেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি বলে ক্ষোভ জানান তারা।

ঝিনাইদহ ইটভাটার গ্যাস ১

ক্ষতিগ্রস্ত সন্টু মিয়া বলেন, শনিবার সকালে মাঠে গিয়ে দেখি চোখমুখ জ্বলছে। খোঁজ নিয়ে জানতে পারলাম রাতের বেলা স্টোন ব্রিক্স ইটভাটা থেকে গ্যাস ছেড়েছে। সেই গ্যাস ছড়িয়ে পড়েছে সারা মাঠ, পুড়ে গেছে ফসল। কৃষক সাইফুল ইসলাম রলেন, ইটভাটার কালো ধোয়া আর গ্যাসে মাঠের সব ফসল শেষ হয়ে গেছে। ড্রাগণ ফল গাছ, শিম গাছ, তামাক পাতা, কচু, কলাগাছ, মাল্টা, পেঁপে সব পুড়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষক আব্দুল আলীম জানান, আমি ঋণ নিয়ে ১০ বিঘা জমিতে বিভিন্ন ধরণের আবাদ করেছি, সব শেষ হয়ে গেছে।

খবর পেয়ে ক্ষতিগ্রস্ত মাঠ পরিদর্শন করেছেন মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা। তিনি বলেন, সকালে জানতে পারি ইটভাটার বিষাক্ত ধোয়ায় মহেশপুর বেলে মাঠে কৃষকের প্রায় ৫শ বিঘা ফসলের জমি ক্ষতি হয়েছে। ড্রাগন, মুখি কচু, মরিচ, পেপে, কলাগাছ, পটলসহ সকল ফসলের পাতা পুড়ে গেছে। কৃষকের কি পরিমান ক্ষতি হতে পারে তার একটা তালিকা করে কর্তৃপক্ষকে জানানো হবে।