বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা খুলনার ফুলবাড়ি গেট এলাকার সাবেক ইউনিয়র পরিষদ সদস্য আরিফ হত্যা মামলার আসামি। ৯ অক্টোবর রাতে রামপাল উপজেলার ফয়লা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের আটক করে রামপাল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার তোহিদুল আরিফ। আটককৃতদের কাছ থেকে ২টি লোহার তৈরী ওয়ান শ্যুটার গান, ৬ রাউন্ড গুলি, ৫টি স্মার্টফোন ও ৩টি রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— খুলনা দৌলতপুর থানার মহেশ্বরপাশার বণিকপাড়া এলাকার হুমায়ুন কবির হুমা (৩৬), ইসতিয়াক শাহরিয়ার (২৩), ক্রসরোড এলাকার কাজী রায়হান (২১), ঘোষপাড়া এলাকার মো. আসিফ মোল্লা (২০) ও বুচিতলা এলাকার মো. ইমন হাওলাদার (২১)।
পুলিশ সুপার বলেন, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাদের রিমান্ড আবেদন করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা আরিফ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ২৪ জুন রাত পৌনে ১২টার দিকে কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে সাবেক ইউপি সদস্য আরিফকে গুলি করে হত্যা করা হয়।










