মাগুরায় স্বাস্থ্যসেবা দানকারী ছয়টি অনিবন্ধিত প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ শনিবার দুপুরে মাগুরা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অনুমোদনহীন বা অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে এ অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ।
বন্ধ করে দেয়া প্রতিষ্ঠানগুলো হলো, নিরাময় ক্লিনিক, রোকেয়া প্রাইভেট হাসপাতাল, দাদাভাই মেডিকেল পয়েন্ট, অরো ডেন্টাল কেয়ার, শাহানা মেডিকেল সার্ভিস এবং একতা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম।
মাগুরার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী সারা জেলায় অবৈধ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করা হচ্ছে। যেগুলোর নিবন্ধন নেই গুলোতে সিলগালা করা হয়েছে। তবে নিবন্ধন পাওয়ার পর চালু করতে পারবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মাগুরা জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনে সাধারণ সম্পাদক খন্দকার ফরহাদ হোসেন জানান, জেলায় ১০৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যার মধ্যে মাত্র ১৩টি প্রতিষ্ঠানের অনুমোদন রয়েছে এবং ১৫টি অনিবন্ধিত ও ৭৭ টি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান নবায়ন করা হয়নি।










