ঝালকাঠির কাঁঠালিয়ায় দুই ইউপি মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আরিফ হোসেন নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত আরিফ উপজেলার ছোনাউটা গ্রামের শিক্ষক শাহআলম আকন লাল মিয়ার ছেলে। তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়ন করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাতে স্থানীয় ছোনাউটা কেরাত আলী দাখিল মাদ্রাসার বাজারসংলগ্ন স্থানে পিকনিকের আয়োজন করে উপজেলার আমুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদ্য নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মজিবর রহমানের সমর্থকরা। এ সময় পরাজিত মেম্বর প্রার্থী ফারুক মিয়ার কর্মী আলী হোসেন রাস্তা দিয়ে যাওয়ার সময় মজিবর রহমানের সমর্থকরা তাকে বেঁধে রাখে। এ খবর পেয়ে ফারুকের লোকজন আটক আলী হোসেনকে ছাড়াতে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহতরা হলেন আরিফ হোসেন, আ. মালেক, আলিম সিকদার, সরিফুল ইসলাম, ইব্রাহীম আকন, শাহ আলম আকন, শাহনাজ পারভীন ও সেহরাফ হোসেন আকন।