ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শহীদুল হক মুন্সী ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর কিছু অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। বুধবার এ তহবিলে ১৫ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেনবিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শহীদুল হক মুন্সী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফেরদৌস হোসেন, অধ্যাপক ড. ফরিদ উদ্দীন আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার প্রমুখ।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, মহান মুজিববর্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে আমাদের দৃঢ় প্রত্যয় হলো বিশ্ববিদ্যালয়ের সকল মেধাবী অসচ্ছল শিক্ষার্থীকে সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আনা। সে প্রয়াসের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ট্রাস্ট ফান্ড গঠন করা হচ্ছে। এই উদ্যোগে শামিল হয়ে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান। এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার জন্য উপাচার্য দাতাকে ধন্যবাদ জানান।










