সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে দুই মামলায় তিনদিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে পুলিশ দুটি মামলায় সাতদিন করে রিমান্ডের আবেদন জানায়। আদালত দুই পক্ষের আইনজীবীর শুনানি শেষে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আড়াইহাজারে শফিকুল ইসলাম শফিক ও বাবুল মিয়াকে গুলি এবং কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে এ দুটি মামলা হয়। ২১ আগস্ট নিহত শফিকুলের স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। এছাড়া ২২ আগস্ট দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন আড়াইহাজার থানায় আরো একটি হত্যা মামলা করেন।
আসামিপক্ষের আইনজীবী আসামিকে নির্দোষ দাবি করে জামিন প্রার্থনা করেন। তবে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জামিন আবেদনের বিরোধিতা করেন।










