রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রেলকে আধুনিক ও উন্নত করা হয়েছে। রেল এখন অনেক দূর এগিয়েছে। প্রধানমন্ত্রী ঢাকা থেকে ভাঙ্গা-বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত যাত্রী ও মালামাল পরিবহনে জনগণের দোরগোড়ায় রেলসেবা পৌঁছে দিতে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা সেই অনুযায়ী রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছি। একটি গোষ্ঠী এ উন্নয়নকে থামিয়ে দেয়ার অপচেষ্টায় ব্যস্ত রয়েছে। তারা বিভিন্নভাবে জাতীয় সম্পদ রেলকে ধ্বংস করে ফায়দা লুটতে চায়, ট্রেনে আগুন দিয়ে অগ্নিসন্ত্রাস করে, রেললাইন তুলে ফেলে, জনগণের জানমালের ক্ষতি করছে।’

গতকাল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুরে ট্রেন দুর্ঘটনার স্থল পরিদর্শন শেষে বিজয় এক্সপ্রেস দুর্ঘটনা বিষয়ে বাংলাদেশ রেলের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দুর্ঘটনা নিয়ে তিনি বলেন, ‘হাসানপুরে ট্রেন দুর্ঘটনার বিষয়ে কারো কোনো ধরনের শৈথিল্যে বা দায়িত্বে অবহেলা থাকলে আমরা তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। প্রধানমন্ত্রী দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’