ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘এখন যথেষ্ট ভালো আছে’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালোভাবেই নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটরিয়েট হয় এমন দু–একটা ঘটনা আমরা দেখেছি। কিন্তু আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে।
তিনি আরো বলেন, আমি বলবে, সিকিউরিটি ফোর্স ইলেকশনকে সামনে রেখে যথেষ্ট প্রিপেয়ার্ড আছে। তাদের মধ্যে প্রায় ৮০ শতাংশের ট্রেনিং সম্পন্ন হয়েছে। তারা এ সমস্ত যে কি কি বিষয় হতে পারে, কি কি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে- তা নিয়ে কথাবার্তা বলছেন। একটা অ্যাপ তৈরি করছে হোম মিনিস্ট্রি, অ্যাপটা আমাদের খুব হেল্প করবে।
প্রেস সচিব বলেন, আমরা আশা করছি ইলেকশন সামনে রেখে যেভাবে ট্রেনিং করা হচ্ছে, প্লাস যেগুলো ভালনারেবল কেন্দ্র সেখানে বডিওর্ন ক্যামেরা থাকবে, সিসিটিভি থাকবে এবং এই যে অ্যাপের মাধ্যমে সবাই সংযুক্ত থাকবে .... খুব দ্রুত এ বিষয়ে ইন্টারভেন করা যাবে। খুব দ্রুত র্যাপিড রেসপন্স টিমকে পাঠানো যাবে এটাকে ট্যাকেল দেয়ার জন্য।










