রাজশাহীর চারঘাটে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ হৃদয় ইসলাম (২২) নামে এক যুবক গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার মুক্তারপুর আন্ধারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
নিজ বাড়িতে বসে ইয়াবা বিক্রি করছেন হৃদয়, এমন গোপন সংবাদ ছিল র‌্যাবের কাছে। এ খবরে র‌্যাব-৫ এর একটি দল তার বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের হাতে ধরা পড়েন তিনি। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিশেষ কায়দায় খাটের নিচে লুকিয়ে রাখা ১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা র‍্যাবের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন হৃদয়। তার বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।