ভোটার হওয়ার জন্য এনআইডি কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনে গিয়ে ভোটার হওয়ার জন্য এনআইডির কার্যক্রম সম্পন্ন করেছেন তারা। এরপর তারা ইসি ত্যাগ করেছেন।
আজ সকালে শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশন ভবনে যান তারেক রহমান।
সেখানে তার আঙুলের ছাপ, চোখের মণির প্রতিচ্ছবি (আইরিশ) ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য কেন্দ্রীয় সার্ভারে আপলোড হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে একটি এনআইডি নম্বর জেনারেট হবে।
এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর জানান, এ প্রক্রিয়ায় কোনো মানবিক হস্তক্ষেপের সুযোগ নেই। কারিগরি প্রক্রিয়ায় কারো ক্ষেত্রে ৫ ঘণ্টা, আবার কারো ক্ষেত্রে ১০ ঘণ্টারও বেশি সময় লাগতে পারে। তবে তারেক রহমানের ক্ষেত্রে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে যাতে তিনি দ্রুততম সময়ের মধ্যে এনআইডি পেয়ে মনোনয়নপত্র জমা দিতে পারেন।
তথ্য যাচাই ও অনুমোদনের পর সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি প্রস্তুত হয়ে যাবে বলেও জানান তিনি।















