মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলের বেহাত হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার অভিযান প্রস্তুতির সময় একটি এক্সক্যাভেটর মেশিনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দখলদার চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ রেলওয়ে কর্তৃপক্ষের। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সকালে শহরের ভানুগাছ সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক্সক্যাভেটর মেশিনের আগুন নেভান।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি এ কর্মকর্তা। তদন্ত করে ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভানুগাছ সড়কের পাশে রেলের ২৮৭ শতক জমির ওপর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা গ্রহণ করে রেল বিভাগ।
উচ্ছেদ অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে সেখানে একটি এক্সক্যাভেটর মেশিন আনা হয়। এক্সক্যাভেটর মেশিনটি রেলগেট পয়েন্টে আসামাত্র কয়েকজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনে চালকের কেবিন ও নিচের অংশ পুড়ে গেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে সুলেমান মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক সুলেমান শ্রীমঙ্গল শহরতলীর মিশন রোডের লোকমান মিয়ার ছেলে।










