দ্বিতীয় ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল ২০২৫ আয়োজন করতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। ‘ঘুচে যাক দূরত্ব পথের ও মতের’ স্লোগানে ২৮ ও ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এ উৎসব আয়োজন করবে বলে জানিয়েছেন আয়োজকরা। এর আগে ২০২৩ সালে বিইউডিএস প্রথম ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছিল। এবারের আয়োজনে মিডিয়া পার্টনার বণিক বার্তা।
ইভেন্টটিতে ট্যাব রাউন্ডে দেশসেরা ৩২টি দল অংশগ্রহণ করবে এবং ট্যাব রাউন্ডে প্রতিটি দল চারটি করে ডিবেট করবে। ডিবেট আয়োজন করা হবে এশিয়ান পার্লামেন্টারি (এপি) সিস্টেমে। ট্যাব রাউন্ড থেকে আটটি দল কোয়ার্টার ফাইনালে যাবে।
ইভেন্টটির আহ্বায়ক উপমা দত্ত বলেন, ‘দক্ষিণাঞ্চলের বিতার্কিকদের জন্য এক নতুন মঞ্চ দ্বিতীয় বিইউডিএস ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল। বরিশাল বিশ্ববিদ্যালয় রাজধানীর বাইরে হওয়ায় কম সুযোগ-সুবিধা নিয়েও গৌরবের সঙ্গে পরিচালিত হয়ে আসছে৷। তুলনামূলক নতুন বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে রেখেছে গুরুত্বপূর্ণ পদচারণা। তারই ধারাবাহিকতায় বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজন করতে যাচ্ছে দ্বিতীয় বিইউডিএস ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল, যা শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং দক্ষিণাঞ্চলের বিতার্কিকদের জন্য একটি শিক্ষণীয় মঞ্চ।’
তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের সেরা বিতার্কিকদের একত্র করে এ অঞ্চলের ডিবেট সংস্কৃতিকে সমৃদ্ধ করা। দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীরা প্রায়ই জাতীয় মঞ্চ থেকে দূরে থাকেন, তাই তাদের বিতর্ক দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য এ আয়োজন খুব গুরুত্বপূর্ণ। প্রান্তিক অঞ্চলের প্রতিষ্ঠান হওয়ায় এমন আয়োজন খুব বেশি সহজ নয়। তবুও আমাদের দৃঢ় ইচ্ছাশক্তি ও পরিকল্পনার মাধ্যমে ডিবেট ফেস্টিভ্যাল আয়োজন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা চাই প্রতিটি দল সুন্দরভাবে অংশগ্রহণ করুক, নিজেদের যুক্তি ও বিশ্লেষণকে আরো প্রগাঢ় করুক এবং দেশের বিতর্ক সংস্কৃতির সঙ্গে যুক্ত হোক।’
বিইউডিএসের সভাপতি মেহেদী হাসান সোহাগ বলেন, ‘বিতর্কের মূল উদ্দেশ্য থাকে মানুষের মনের পরিবর্তন আনা, যুক্তির মাধ্যমে মানুষের নিজের চিন্তাভাবনা অন্যের কাছে পৌঁছে দেয়া। তারই ধারাবাহিকতায় আমাদের ইভেন্টটির আয়োজন করার মূল উদ্দেশ্য হলো দেশসেরা বিতার্কিকদের একটা মঞ্চে নিয়ে আসা, যাতে বিভিন্ন অঞ্চলের বিতার্কিকরা নিজেদের সংস্কৃতি অন্যের সামনে তুলে ধরতে পারেন এবং সত্যকে তুলে ধরতে পারেন।’










