দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুদক সমাজের বাইরের কোনা প্রতিষ্ঠান না, এখানেও দুর্নীতি আছে। এখানকার দুর্নীতি কতটা কমানো সম্ভব, দায়িত্ব নেয়ার পরে প্রথমেই সেই চেষ্টা চলছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বরিশাল নগরীর সিএন্ডবি রোডে দুদকের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকারের অধঃপতনের কারণের মূলে দুর্নীতি। দুর্নীতি কমিয়ে রাখা গেলে ভালো থাকা যাবে, সরকারও স্বস্তিতে থাকবে।

দুদকের মামলার আসামি খালাস পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, দুদকের মামলার আসামি কিন্তু দুদক ছাড়ে না, যারা ছাড়া পাচ্ছে তাদের বিরুদ্ধে দুদক আপিলও করছে। এ ব্যাপারে আদালত, সাংবাদিক সবার দায়িত্ব রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সঠিকভাবে সবাই কাজ করলে দুর্নীতি দমন করা সম্ভব।