নেত্রকোনা জেলার দুর্গাপুরের বারোমারি
সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার (৩১ মার্চ) রাতের
ওই ঘটনায় গুলিতে আমিনুল ইসলাম (২৮) নামে এক চোরাকারবারি নিহত হয়েছেন। আহত হয়েছেন বিজিবির হাবিলদার মিনহাজ
উদ্দিন ও চোরাকারবারি জায়দুল (৪০) ।
আহত মিনহাজ উদ্দিনকে আশংকাজনক অবস্থায়
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন দুর্গাপুর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
আজ শনিবার (১ এপ্রিল) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতের
মাধ্যমে বিস্তারিত তথ্য দেন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম।
তিনি জানান, গতকাল রাত ৯টার দিকে বিজিবির
৩১ ব্যাটেলিয়নের সদস্যরা হাবিলদার মিনহাজ উদ্দিনের নেতৃত্বে বারোমারি সীমান্তে লক্ষ্মীপুর
এলাকায় টহল দিচ্ছিল। ওই সময় চোরাকারবারিদের একটি দল সুপারি মাথায় নিয়ে ভারতের দিকে
সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন।
চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি
সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। একপর্যায়ে হাবিলদার মিনহাজ উদ্দিনকে দা
দিয়ে কোপ দিলে তিনি আহত হন।
লে. কর্নেল আরিফুল জানান, আত্মরক্ষার্থে
বিজিবি সদস্যরা ২ রাউন্ড গুলি চালায়। এতে আমিনুল ইসলাম ও জায়দুল নামে দুই চোরাকারবারি
গুলিবিদ্ধ হন। তাদের দুর্গাপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমিনূলকে মৃত
ঘোষণা করেন। মিনহাজ উদ্দিনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে সাত বস্তা
সুপারি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।










