স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, রাজারবাগ পুলিশ লাইনসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই ভাষণকে হূদয়ে ধারণ করে বর্তমান পুলিশ কাজ করছে। তিনি সেই ভাষণে বলেছিলেন, তোমাদের জনগণের পুলিশ হতে হবে। পুলিশ কিন্তু আজ জনগণের হয়েছে, শতভাগ না হলেও জনগণের যেকোনো দুর্যোগের সময় পুলিশ মানুষের পাশে দাঁড়িয়েছে। শনিবার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে ‘বঙ্গবন্ধুর কারাবাস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বর্তমানে কভিড-১৯ সময়ে সাধারণ মানুষের পাশাপাশি কৃষকের ধান কাটার ক্ষেতে গিয়েও সহযোগিতা করেছে পুলিশ। করোনায় বাবার ডেডবডি হাসপাতালে ফেলে পালিয়ে গিয়েছিল ছেলেরা। তারও শেষকৃত্যের ব্যবস্থা করেছে পুলিশ। হসপিটালে অনেক কভিড রোগীকে আনা-নেয়ার কাজও তারা করেছে। বঙ্গবন্ধুর সেই আহ্বান পুলিশ বাহিনী স্মরণ রেখেছে বলেই এ কাজ অনেক সহজ হয়েছে। তাছাড়াও পুলিশ ট্রেনিং সেন্টার সারদাতেও বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ নিয়মিত শোনার ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিউদ্দিন, মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলি, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, সদর থানার ওসি শাহ দারা খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন প্রমুখ।