নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ব্যান্ড অড সিগনেচারের সদস্য আহাসান তানভীর পিয়ালসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় ব্যান্ডের আরো তিন সদস্য আহত হয়েছেন। শনিবার (১১ মে) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। সিলেটের এমসি কলেজের একটি অনুষ্ঠানে গান গাইতে যাচ্ছিলেন তারা।

নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকার আশরাফ আলীর ছেলে মাইক্রোবাস চালক আব্দুস সালাম (৪৩) এবং ‘অড সিগনেচার’ ব্যান্ডের গিটারিস্ট আহাসান তানভীর পিয়াল (২৬)।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি সিলেটের দিকে যাচ্ছিল। অন্যদিকে সিলেট থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। আজ ভোর পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছানোর পর গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের চালক আবদুস সালাম ও তার পাশের আসনে বসা আহাসান তানভীর পিয়াল। স্থানীয় লোকজন মাইক্রোবাসের ভেতর থেকে আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস কেটে দুজনের লাশ উদ্ধার করেন। এর আগেই মাইক্রোবাসকে চাপা দিয়ে বাসটি পালিয়ে যায়।

ইটাখোলা হাইওয়ে থানার ওসি ইলিয়াছ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।