নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নে সরকারি জমি দখল নিয়ে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে ইউনিয়নের বাট্টা কাচারি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের একটি সরকারি জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সকালে এক পক্ষ এ জমি দখলে নিতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কয়েকজন গুরুতরসহ ১৫ থেকে ২০ জন আহত হন।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের জেরে বাট্টা কাচারি মোড়ের দোকানপাট আংশিক বন্ধ রয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বণিক বার্তাকে বলেন, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে এবং গুরুতর আহতদের ময়মনসিংহে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।