ময়মনসিংহের
ত্রিশালে গজারিয়া খাল ভরাট করে নির্মাণ করা হয়েছে ফিলিং স্টেশন। এতে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে আশপাশের কৃষিজমিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। তবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস মিললেও উপজেলা প্রশাসন কার্যত কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কৃষকের।
যদিও বিষয়টি দ্রুত সমাধানের কথা পুনর্ব্যক্ত করেছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ। তিনি জানান, এ ব্যাপারে সহকারী কমিশনারকে (ভূমি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, উপজেলা সদর ইউনিয়নের বাগান, আউলটিয়া, কোনাবাড়ী ও সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের কিছু অংশের পানি গজারিয়া খাল দিয়ে খিরু নদীতে নামত। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব অংশের পানি মহাসড়কের কালভার্ট দিয়ে গজারিয়া খাল হয়ে চলে যাওয়ায় গ্রামগুলোয় জলাবদ্ধতা হতো না। কয়েক বছর আগে গজারিয়া খালটির উৎপত্তিমুখে কালভার্টটি বন্ধ করে সেখানে নির্মাণ করা হয় মোজাদ্দেদিয়া ফিলিং ও এলপিজি স্টেশন। এটি নির্মাণের কারণে সদর ইউনিয়নের বাগান, আউলটিয়া, কোনাবাড়ী ও সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের কৃষকদের ফসল, মাছের খামারগুলোর ক্ষতি হচ্ছে।
বাগান গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য জোবায়ের হোসেন জানান, জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ ও কৃষকের ক্ষতি হচ্ছে। ফিলিং স্টেশনটি স্থাপনের পর থেকেই এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তারা প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন। দ্রুত এ সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।










