দেশের বিভিন্ন স্থানে একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার (৯ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।

বগুড়া, নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা মহানগরের চকবাজার এলাকায় পরিচালিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের অপরাধে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত করা হয়। এ সময় ৬টি মামলায় মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি বিভিন্ন বাজার, সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে সতর্কতামূলক বার্তা প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

একই দিনে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী ঢাকা মহানগরের টিকাটুলি এলাকায় পরিচালিত অভিযানে ১টি মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৬০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহনের চালকদের সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে খুলনা ও ঢাকা মহানগরের টিকাটুলি ও শ্যামলী এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করায় ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪টি মামলার মাধ্যমে মোট ৬৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করা হয় এবং বায়ুদূষণকারী নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়।