জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫’ উপদেষ্টামণ্ডলীর সভায় অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজ উপদেষ্টামণ্ডলীর সভায় ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’ অনুমোদন করেছে। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি এরই মধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে চলে গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজ উপদেষ্টামণ্ডলীর সভায় ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’ অনুমোদন করেছে। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি এরই মধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে চলে গেছে।

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার ওপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত।’

ড. ইউনূস বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।’