ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সমাবর্তন অনুষ্ঠান। তবে এ সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের জামাত-বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। শুক্রবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশেষ সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এরই প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

 সূত্রে জানা গেছে, সম্প্রতি দলের দুটি বর্ধিত সভায় দুটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই সভায় উপস্থিত ছিলেন সম্প্রতি সাদা দলের আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় সংগঠনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, সাদা দলের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান সহ সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচিত সদস্যগণ এবং সাদা দলের সিনেট সদস্যরা।

এ সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে সাদা দলের একটি অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, ‘আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, গণতন্ত্রের সূতিকাগার এবং মুক্তবুদ্ধি চর্চার পালন কেন্দ্র। বৃটিশ উপনিবেশিক শাসন থেকে শুরু করে পাকিস্তানের অগণতান্ত্রিক শক্তি এবং স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও ঢাবি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। সেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর কারণে আমরা সমাবর্তন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’

সূত্র আরো জানায়, আগামীকাল ২৮ অক্টোবর জামাত-বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা মহাসমাবেশে সাদা দল নিজস্ব ব্যানারে অংশগ্রহণ করবে। রাজধানীতে অনুষ্ঠিতব্য এ সমাবেশকে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা বলে অবহিত করে সাদা দলের কর্মসূচিতে অংশগ্রহণে শিক্ষকদের অনুরোধ জানানো হয়েছে।